সালাতফাতওয়া  নং  ৬৩৭

নামাযে কী বলে লোকমা দিতে হয়?

প্রশ্ন:

ইমাম সাহেব নামাযে ভুল করলে মুক্তাদিরা কি বলে লোকমা দিবে? ‘আল্লাহু আকবার’ বলে? না, ‘সুবহানাল্লাহ’ বলে?

-মুহাম্মাদ সাবিত

উত্তর:

بسم الله الرحمن الرحيم

নামাযে ইমাম সাহেবের কোনো ভুল হলে মুক্তাদিরা ‘সুবহানাল্লাহ’ বলে লোকমা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই শিখিয়েছেন।

হাদীসে এসেছে,

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ نَابَهُ شَيْءٌ فِي صَلَاتِهِ فَلْيَقُلْ: سُبْحَانَ اللهِ» –رواه البخاري (1218) ومسلم (421) وأحمد (22801) واللفظ له.

“সাহল বিন সাদ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাযরত অবস্থায় কারো কিছু ঘটলে সে যেন ‘সুবহানাল্লাহ’ বলে।” –সহীহ বুখারী: ১২১৮; সহীহ মুসলিম: ৪২১; মুসনাদে আহমাদ: ২২৮০১

হাদীসের উক্ত নির্দেশনা অনুযায়ী সাহাবায়ে কেরাম পরবর্তীতে ইমামের ভুল সংশোধন করতে ‘সুবহানাল্লাহ’ বলতেন।

আব্দুল্লাহ বিন বুহাইনা রাযিয়াল্লাহু আনহু বলেন,

«أَنَّ النَّبِيَّ اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ فَسَبَّحُوا فَمَضَى فَلَمَّا فَرَغَ مِنْ صَلَاتِهِ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ» –رواه النسائي (1178) والترمذي (391) –وليس عنده محل الاستشهاد-. وقال الترمذي رحمه الله: حديث ابن بحينة حديث حسن.اهــــ

“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাযে দুই রাকাআত শেষে না বসে দাঁড়িয়ে গেলেন। তখন সাহাবীগণ ‘সুবহানাল্লাহ’ বললেন; কিন্তু তিনি নামায চালিয়ে গেলেন। নামায শেষ করার পর তিনি দুটি সিজদা (সিজদায়ে সাহু) দিলেন, তারপর সালাম ফিরালেন।” –সুনানে নাসায়ী: ১১৭৮; জামে তিরমিযী: ৩৯১

অন্য এক হাদীসে এসেছে,

عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، قَالَ: «صَلَّى بِنَا المُغِيرَةُ بْنُ شُعْبَةَ فَلَمَّا صَلَّى رَكْعَتَيْنِ قَامَ وَلَمْ يَجْلِسْ، فَسَبَّحَ بِهِ مَنْ خَلْفَهُ، فَأَشَارَ إِلَيْهِمْ أَنْ قُومُوا، فَلَمَّا فَرَغَ مِنْ صَلَاتِهِ سَلَّمَ وَسَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ وَسَلَّمَ، وَقَالَ: «هَكَذَا صَنَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» –رواه الترمذي (365). وقال: هذا حديث حسن صحيح، وقد روي هذا الحديث من غير وجه عن المغيرة بن شعبة عن النبي صلى الله عليه وسلم.اهــــ

“যিয়াদ বিন ‘ইলাকাহ রহিমাহুল্লাহ বলেন, মুগীরা ইবনু শুবা রাযিয়াল্লাহু আনহু আমাদেরকে নামায পড়ালেন। তিনি দুই রাকাআত পড়ে (ভুলে) না বসে দাঁড়িয়ে গেলেন। পেছনে থাকা মুসল্লিরা ‘সুবহানাল্লাহ’ বলতে লাগল। তিনি ইশারায় তাঁদেরকে দাঁড়াতে বললেন। নামায শেষ করার পর তিনি সালাম ফিরালেন, অতঃপর সিজদায়ে সাহু দিলেন, পরে আবার সালাম দিলেন। এরপর তিনি বললেন, এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন।” –জামে’ তিরমিযী: ৩৬৫। তিরমিযী রহিমাহুল্লাহ হাদীসটি হাসান সহীহ বলেছেন।

সুতরাং ইমামের ভুল সংশোধন করার জন্য ‘সুবহানাল্লাহ’ বলা সুন্নত; আল্লাহু আকবার বলা সুন্নত পরিপন্থি। অবশ্য কেউ যদি ‘আল্লাহু আকবার’ বলে লোকমা দেয়, তাহলে ইমামের জন্য তা গ্রহণ করা উচিত এবং এতে নামাযে কোনো সমস্যা হবে না।

-আলমাবসূত ১/২০০ (দারুল মারেফা); আলমুহীতুল বুরহানী ২/২১৩ (ইদারাতুল কুরআন); গুনিয়াতুল মুতামাল্লী: ২/৩৮৮ (দারুল উলুম-দেওবন্দ); রদ্দুল মুহতার: ১/৬২১ (দারুল ফিকর)

فقط، والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

১৩-১০-২৪৪৭ হি.

০২-০৪-২০২৬ ঈ.

Related Articles

Back to top button
অ+
অ-