প্রশ্ন:
আমার মোট ১৭ বিঘা জমি আছে। এর মধ্যে এক বিঘা জমির মূল্য অন্য জমিগুলোর তুলনায় বেশি। আমার তিন মেয়ে ও দুই ছেলে আছে। মেয়েরা সেই মূল্যবান এক বিঘা জমিটি নিতে চাচ্ছে। এখন ছেলেদেরকে না দিয়ে শুধু মেয়েদেরকে ওই জমিটি দিয়ে দেওয়া কি ঠিক হবে? মূল্যবান ওই জমিসহ পুরো ১৭ বিঘা জমি শরীয়ত সম্মতভাবে কীভাবে বণ্টন করা উচিত?
বণ্টনের সঠিক পদ্ধতিটা জানালে উপকার হতো। এছাড়া আমি আমার জীবদ্দশায় সব জমি সন্তানদের নামে লিখে দিতে চাই। জীবিত অবস্থায় এভাবে লিখে দেওয়া জায়েয হবে কি না?
-সাব্বির হোসেন
উত্তর:
بسم الله الرحمن الرحيم
শরীয়তের স্বাভাবিক নিয়ম হলো, আপনার সম্পদ আপনার মৃত্যুর পর জীবিত ওয়ারিসদের মধ্যে শরীয়তের নিয়ম অনুযায়ী বণ্টিত হবে। আপনার জীবদ্দশায় নয়। হতে পারে আপনারও কখনো সম্পদের প্রয়োজন হবে। অথবা যাদের আপনি ওয়ারিস মনে করছেন, তারাও কেউ আপনার আগে মৃত্যু বরণ করতে পারেন। তথাপি আপনি যদি মনে করেন, আপনার জীবদ্দশায় ওয়ারিসদের মাঝে আপনার মীরাস বণ্টন করে দিলে ভালো হবে, তাহলে সেটার অবকাশও আছে। সে ক্ষেত্রে আপনার তিন মেয়ে ও দুই ছেলে ব্যতীত অন্য কোনো ওয়ারিস যদি না থাকে, তাহলে জমির মূল্য ধরে, মোট সাত ভাগ করবেন। প্রত্যেক ছেলেকে দুই ভাগ করে এবং প্রত্যেক মেয়েকে এক ভাগ করে দিবেন। দামি জমিটা এমনভাবে দিবেন, যেন একারণে কেউ না ঠকে।
-আদ্দুররুল মুখতার (রদ্দুল মুহতারসহ): ৫/৬৯৬ (দারুল ফিকর); তাকমিলাতু ফাতহিল মুলহিম: ২/৬৮ (দারু ইহয়াইত তুরাসিল আরবী); ফাতাওয়ায়ে রাহীমিয়া: ১০/২৭৯ (যাকারিয়া); কেফায়াতুল মুফতী: ৮/১৭১ (যাকারিয়া)
আর যদি ওয়ারিসদের মধ্যে আপনার স্ত্রী কিংবা মা-বাবা কেউ থাকেন, তাহলে বণ্টন ভিন্ন হবে। সে ক্ষেত্রে প্রশ্ন করে জেনে নিবেন।
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২৪-১০-১৪৪৭ হিজরী
১৩-০৪-২০২৬ ঈ.