পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন
প্রশ্ন:
আমি মানত করেছিলাম, আমার একটি নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ হলে টানা তিনদিন রোযা রাখব। আলহামদুলিল্লাহ, উদ্দেশ্যটি পূরণ হয়েছে। কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে আমার পক্ষে একটানা তিনদিন রোযা রাখা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় জানতে চাই, আমি কি মাঝখানে বিরতি দিয়ে তিনটি রোযা পূর্ণ করতে পারব? নাকি ধারাবাহিকভাবেই তিনদিন রোযা রাখা আমার জন্য আবশ্যক?
-আব্দুল্লাহ আল-মারুফ
উত্তর:
লাগাতার রোযা রাখার মান্নত করলে তা লাগাতার রাখাই ওয়াজিব হয়। তাই উদ্দেশ্য পূরণ হওয়ায় আপনাকে লাগাতার তিনদিন রোযা রাখতে হবে। মাঝে ছুটে গেলে নতুন করে আবার লাগাতার তিনদিন রাখতে হবে। -ফাতাওয়া হিন্দিয়া: ১/২০৯ (দারুল ফিকর); বাদায়েউস সানায়ে: ৫/৯৪ (দারুল কুতুব); আল-বাহরুর রায়েক: ২/৩২৯ (দারুল কিতাবিল ইসলামী)
উল্লেখ্য, মান্নতের প্রচলিত পদ্ধতি অর্থাৎ উদ্দেশ্য পূরণ হলে সালাত বা সিয়াম পালন করা বা দান-সাদাকা করার নিয়ত করা—এভাবে মান্নত করা কাম্য নয়। হাদীসে এসেছে,
عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم أنه نهى عن النذر، وقال: «إنه لا يأتي بخير، وإنما يستخرج به من البخيل». –صحيح البخاري (6693) صحيح مسلم (1639)
আব্দুল্লাহ বিন উমর রাযিয়াল্লাহু আনহু বলেন, ‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নত করতে নিষেধ করেছেন। নবীজী বলেন, মান্নত কোনো কল্যাণ বয়ে আনে না। এর মাধ্যমে কৃপণ থেকে কিছু বের করা হয় মাত্র। -সহীহ বুখারী: ৬৬৯৩; সহীহ মুসলিম: ১৬৩৯
বরং বিপদ-আপদে বেশি বেশি ইবাদত-বন্দেগী, দোয়া-রোনাজারী বিশেষত নগদ দান-সাদাকা করে দেয়া কাম্য। দান-সাদাকার দ্বারা বিপদআপদ দূর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«إن الشمس والقمر من آيات الله، وإنهما لا ينخسفان لموت أحد، ولا لحياته، فإذا رأيتموهما فكبروا، وادعوا الله وصلوا وتصدقوا». –صحيح البخاري (1044) صحيح مسلم (901)
“সূর্য ও চন্দ্র আল্লাহর কুদরতের বিশেষ নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে চন্দ্র-সূর্য গ্রহণ হয় না। যখন তোমরা সূর্য বা চন্দ্রগ্রহণ দেখতে পাও, তখন তাকবীর বলো, দোয়া করো, নামায আদায় করো, সাদাকা করো।” –সহীহ বুখারী: ১০৪৪; সহীহ মুসলিম: ৯০১
ইমাম ইবনু দাকিকিল ঈদ রহিমাহুল্লাহ (৭০২ হি.) হাদীসের ব্যাখ্যায় বলেন,
وفي الحديث دليل على استحباب الصدقة عند المخاوف، لاستدفاع البلاء المحذور. -إحكام الأحكام شرح عمدة الأحكام (1/ 353 ط. مطبعة السنة المحمدية)
“এই হাদীস থেকে বুঝে আসে, ভয়-ভীতির সময় ক্ষতি থেকে বাঁচার উদ্দেশ্যে সাদাকা করা মুস্তাহাব।” –ইহকামুল আহকাম: ১/৩৫৩ (মাতবাআতুস সুন্নাতিল মুহাম্মাদিয়্যাহ)
আর মান্নত করতে চাইলে তা উদ্দেশ্য পূরণের সাথে শর্তযুক্ত না করে এমনিতেই মান্নত করা যে, আমি তিনদিন রোযা রাখার মান্নত করছি বা এত টাকা সাদাকা করার মান্নত করছি।
-রদ্দুল মুহতার: ২/২১ (দারুল ফিকর)’ আল-কাওকাবুদ দুররী: ২/৪০১ (মাতবাআতু নদওয়াতিল উলামা); তাকমিলাতু ফাতহিল মুলহিম: ২/১৩৩-১৩৫ (দারু ইহয়ায়িত তুরাস)
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২৫-১২-১৪৪৭ হি.
১২-০৬-১৪৪৭ হি.