পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন
প্রশ্ন:
বাজারে ড্রেসিং করা মুরগি বিক্রি করা হয় এবং বিভিন্ন দোকানে গ্রিলের জন্যও ড্রেসিং করা মুরগি প্রস্তুত করা হয়। এসব মুরগি শরীয়ত সম্মতভাবে জবাই করা হয়েছে কি না তা নিশ্চিত না হলে, সেগুলো খাওয়া কি জায়েয হবে? এ ক্ষেত্রে শরীয়তের বিধান কী?
– নেয়ামাতুল্লাহ
উত্তর:
হাঁ, মেশিনে ড্রেসিং করা মুরগি খেতে পারবেন। আমাদের দেশে মেশিনে মুরগি ড্রেসিং করার যে পদ্ধতি আছে, তাতে মূল সমস্যা হচ্ছে, প্রথম মুরগিটি পানিতে চুবানোর ফলে মুরগির শরীরের নাপাক মিশে পানিগুলো নাপাক হয়ে যায়। এরপর প্রতিটি মুরগি নাপাক পানিতে চুবিয়ে ড্রেসিং করা হয়। এভাবে নাপাক পানি দিয়ে ড্রেসিং করা মাকরূহ। তাই এটি পরিহার করা কাম্য। প্রতিটি মুরগি নতুন করে পাক পানি দিয়ে ড্রেসিং করা উচিত। তবে এভাবে ড্রেসিং করার কারণে মুরগির গোশত হারাম হবে না। মুরগির শরীরে লাগা নাপাক পানি ভালোমতো পরিষ্কার করে ধুলে ফেললেই তা পবিত্র হয়ে যাবে। -ফাতহুল কাদির: ১/২১০-২১১ (আশরাফিয়্যা), আল-বাহরুর রায়েক (যাকারিয়া), রদ্দুল মুহতার: ১/৩৩৪ (দারুল ফিকর)
উল্লেখ্য, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে, বাংলাদেশের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের হোটেল রেস্তোরাঁগুলোতে মৃত প্রাণী এমনকি শিয়াল কুকুরের মতো হারাম প্রাণি খাওয়ানোর অভিযোগ অনেক। এ পরিস্থিতিতে নির্দ্বিধায় যেকোনো হোটেল রেস্তোরাঁয় গোশত খাওয়ার বিষয়ে সতর্ক থাকা কাম্য।
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২৮-১২-১৪৪৭ হি.
১৫-০৬-১৪৪৭ হি.