জায়েজ-নাজায়েজনিকাহ-তালাকফাতওয়া  নং  ৬৬২

বিবাহের পূর্বে মোবাইলে আলাপের বিধান

পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্ন:

আমি একজন ছাত্র। কিছুদিন আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার বোনের এক ছাত্রী আমাকে বিবাহের প্রস্তাব দেয়। এরপর বিবাহের উদ্দেশ্যে তার সঙ্গে কিছু কথাবার্তা হয়। অল্প কিছু কথাবার্তার মধ্যেই আমি তার প্রতি দুর্বল হয়ে পড়ি এবং তাকে বিবাহ করার ব্যাপারে আগ্রহী হয়ে উঠি।

এখন কয়েকটি বিষয় জানতে চাই—

১. বিবাহের উদ্দেশ্যে তার সঙ্গে এভাবে হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলা কি জায়েয হয়েছে?

২. বিবাহের পূর্বে পাত্রীকে স্বাভাবিকভাবে দেখে নেওয়ার যে সুযোগ শরীয়তে রয়েছে, সে অনুযায়ী কি আমি তাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখতে পারব? নাকি পরিবারের উপস্থিতিতে বা তাদের মাধ্যমে তাকে দেখা আবশ্যক?

৩. ফিতনা থেকে বাঁচার উদ্দেশ্যে ছাত্রজীবনেই বিবাহ করা কি শরীয়তসম্মত? এ ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করা উচিত?

-আবু আব্দুল্লাহ

উত্তর:

بسم الله الرحمن الرحيم

১. বাস্তবে যদি কেউ বিয়ে করতে চায়, তাহলে মেয়ে দেখা এবং মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব ও বিয়ে সংশ্লিষ্ট প্রয়োজনীয় কথা বলা নাজায়েয নয়। তবে সেটা যদি প্রয়োজনের অতিরিক্ত নারী-পুরুষের পরস্পর ভালো লাগা ও ভোগ উপভোগের জন্য হয়, সেটা অবশ্যই জায়েয নয়। আপনার বিবরণ থেকে মনে হচ্ছে, আপনারা হোয়াটসঅ্যাপে বারবার কথা বলেছেন, প্রয়োজনের বেশি বলেছেন এবং এক পর্যায়ে দুজনই পরস্পরের স্বাদ উপভোগের জন্য করেছেন, আল্লাহু আলাম। এমনটি হয়ে থাকলে অবশ্যই গুনাহ হয়েছে। এজন্য ইসতেগফার করা জরুরি।
-মাবসুতে সারাখসী: ১০/১৫৫ (দারুল মারেফা); রদ্দুল মুহতার: ৬/৩৭০ (দারুল ফিকর); আল-মাওসুআতুল ফিকহিয়্যাহ: ১৯/২০১।

২. প্রস্তাবিত মেয়ের সঙ্গে বিয়ের জরুরি কথা বলা ও তাকে দেখার জন্য হোয়াটসঅ্যাপ বা এমন কোনো ভার্চুয়াল মাধ্যম একজন যুবকের ঈমানের পক্ষে নিরাপদ নয়। এর মাধ্যমে শয়তানের পথ সুগম হয়। এগুলো পরিহার করা কাম্য। বিয়ের উদ্দেশ্যে জরুরি দেখা সাক্ষাৎ ও কথা বলার জন্য উপযুক্ত পদ্ধতি হচ্ছে উভয়পক্ষের অভিভাবকের সম্মতি নিয়ে সরাসরি সাক্ষাৎ করা।
-জামে তিরমিযী: ২১৬৫; মাবসুতে সারাখসী: ১০/১৫০; বাদায়েউস সানায়ে: ৫/১২৫ (ইলমিয়্যাহ); আল-মাওসুআতুল ফিকহিয়্যাহ: ১৯/২০১।

৩. বিয়ের জন্য ছাত্রজীবন শরীয়তের দৃষ্টিতে কোনো প্রতিবন্ধক নয়। মূল বিষয় হচ্ছে, একজনের প্রয়োজন ও সামর্থ্য। বাস্তবে যদি ফিতনা থেকে বাঁচার জন্য কারো বিয়ের প্রয়োজন হয় এবং তিনি বিয়ে করার সামর্থ্য রাখেন, তাহলে তার জন্য বিয়ে করা জরুরি; যদিও তিনি ছাত্র হন।
-সহীহ বুখারী: ১৯০৫; ফাতহুল কাদীর: ৩/১৮৭ (দারুল ফিকর); আদ্দুররুল মুখতার: ৩/৭ (দারুল ফিকর)।

فقط، والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২৪-০৩-১৪৪৮ হি.

০৭-০৯-২০২৬ ঈ.

Related Articles

Back to top button
অ+
অ-