স্মার্টফোনের গুনাহ থেকে মুক্তির উপায়
পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন
প্রশ্ন:
আমি অনেক দিন ধরে স্মার্টফোনের নানান গুনাহ যেমন, পর্নোগ্রাফি, অশ্লীল মুভি ও হস্তমৈথুনসহ বিভিন্ন গুনাহে লিপ্ত। অনেক চেষ্টা করেও এগুলো ছাড়তে পারছি না। তাওবা করার পরও আবার এসব গুনাহে জড়িয়ে পড়ি। আমি এসব থেকে বের হয়ে পরিপূর্ণভাবে শরীয়ত মেনে চলতে চাই। এ অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য আমার কী করা উচিত?
-সাইফুল ইসলাম
উত্তর:
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
আপনার প্রথম কাজ হচ্ছে, এখনি স্মার্টফোন ও নেট ব্যবহার বন্ধ করে দেয়া। এঅবস্থায় এগুলো ব্যবহার করা আপনার জন্য কিছুতেই জায়েয নয়। সুতরাং আপনি খুব দ্রুত এগুলো পরিহার করুন। একান্ত জরুরি হলে শুধু একটি বাটন মোবাইল ব্যবহার করুন। হায়াত মওতের কথা বলা যায় না। আল্লাহ না করুন, এঅবস্থায় আপনার মৃত্যু হয়ে গেলে আল্লাহর সামনে কীভাবে হাজির হবেন? কবরে কীভাবে থাকবেন? আযাবের ফেরেশতারা আপনার সঙ্গে কী আচরণ করবেন? একটু নির্জনে বসে বিষয়গুলো ভাবুন!
দ্বিতীয়ত, অতীতের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে ভবিষ্যতে এমন অন্যায় না করার প্রতিজ্ঞা করে আল্লাহর নিকট দিল থেকে তওবা ইসতেগফার করুন।
তৃতীয়ত, নেককার মুত্তাকী ও পরহেযগার আলেমদের সান্নিধ্য গ্রহণ করুন। তাঁদের মজলিসে যাতায়াত করুন। দ্বীনি আলোচনাগুলো শুনুন। তাঁদের লিখিত বইপত্র পড়ুন। সম্ভব হলে গুনাহের ভয়াবহতা, জান্নাত ও জাহান্নামের বিবরণ এবং ‘কিতাবুর রিকাক’ (অধ্যায়ের) হাদীসগুলো পড়ুন। জীবন চলার পথে বিজ্ঞ ও মুত্তাকী কোনো আলেমের পরামর্শ নিজের জন্য অবধারিত করে নিন।
فقط، والله تعالى أعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২৪-০৩-১৪৪৮ হি.
০৭-০৯-২০২৬ ঈ.